জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার 'রাফসান দ্য ছোট ভাই' খ্যাত ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করার অভিযোগে আদালত এই পরোয়ানা জারি করেছে। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন।
কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত মেসার্স ড্রিংকব্লু বেভারেজ কারখানায় মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই ‘ইলেক্ট্রোলাইট ড্রিংক’ প্রস্তুত করা হচ্ছিল। কারখানায় কোনো পরিমাপ যন্ত্র না থাকায় হাতে করে বোতলজাত করা হচ্ছিল ড্রিংকগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয় এবং পরিদর্শক (মেট্রোলজি) ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম) এর সার্বিক সহযোগিতায়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন একটি আবেদন করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে, ব্লু নামের এই পানীয়টির কোনো অনুমোদন নেই এবং ওষুধ প্রশাসনও জানে না এটি পানীয় নাকি ওষুধ। এই তথ্যের ভিত্তিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।